আনোয়ারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও পথসভা করেছেন জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী খোকা।
শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, বাজার ও জনবহুল এলাকায় তিনি এ গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল, জিপ ও সিএনজিচালিত অটোরিকশার বহর নিয়ে ৯টি ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন খোকা। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। টানা দুইবার নির্বাচিত সাবেক এই চেয়ারম্যানকে একনজর দেখতে সড়কের দুই পাশে এবং স্থানীয় হাটবাজারে উৎসুক মানুষের ভিড় জমে।
গণসংযোগকালে মোরশেদুর রহমান চৌধুরী খোকা বলেন,আমি জুঁইদণ্ডী ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে চাই। কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করাই আমার মূল লক্ষ্য। জনগণ আবারও আমাকে সেবা করার সুযোগ দিলে জুঁইদণ্ডীকে মাদক ও সন্ত্রাসমুক্ত, আধুনিক এবং শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।