আনোয়ারা উপজেলায় কৃষিতে বদলে যাচ্ছে চিত্র। বিদ্যুৎ সংকট আর জ্বালানি তেলের দামের চাপের মাঝেও কৃষকদের মুখে এখন স্বস্তির হাসি কারণ সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থা।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়িত সোলার এলএলপি সেচ প্রকল্প উপজেলা হাইলধর ও পরৈকোড়া ইউনিয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ইতোমধ্যে হাইলধর ইউনিয়নের প্রকল্প চালু হয়ে প্রায় ১০ হেক্টর জমিতে সেচ দিচ্ছে। একইভাবে পরৈকোড়া ইউনিয়নের প্রকল্প চালু হলে আরও ১০ হেক্টর জমি এর আওতায় আসবে।
আগে যেখানে সেচ মানেই ছিল ডিজেল পাম্পের খরচ,বিদ্যুতের অনিশ্চয়তা আর দীর্ঘ অপেক্ষা এখন সেখানে সূর্যের আলোই হয়ে উঠেছে ভরসা। দিনের আলোতেই চলছে পাম্প,মিলছে সময়মতো পানি। এতে যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে না,তেমনি কমছে খরচও।
স্থানীয় কৃষকরা বলছেন,আগে সেচ দিতে গিয়ে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হতো। এখন সোলার পাম্প থাকায় সেই চিন্তা অনেকটাই কমে গেছে। তাদের মতে,এই পদ্ধতি শুধু খরচ কমায়নি, বরং কৃষিকাজকে করেছে আরও সহজ ও নির্ভরযোগ্য।
হাইলর ইউনিয়নের সাইফুল ইসলাম নামের এক কৃষক জানান,সোলার সেচ পাম্প চালু হওয়ার পর থেকে আমাদের চাষের খরচ কমেছে। আগে যেখানে কানি প্রতি ২৫০০-৩০০০ হাজার টাকা সেচ খরচ লাগত এখন তা কমে এসেছে ১৬০০ টাকায়। এই সেচ পাম্প আরও স্থাপন করা হলে সবাই এর সুফল ভোগ করতে পারবে।
হাইলধর ইউনিয়নের স্কীমটির পরিচালক বলেন,এই পাম্পে কোনো ডিজেল এবং বিদ্যুতের ঝামেলা নেই। প্রতিদিন সকাল ০৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কীমটি চালু রাখা হয়। আগে প্রতি কানি ২৫০০ টাকা নিতাম এখন ১৬০০টাকা নিচ্ছি। কৃষকরাও খুশি আমিও ঝামেলামুক্ত স্কীম চালিয়ে ভালো আছি।
এবিষয়ে কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উপ-সহকারী প্রকৌশলী আজমানুর রহমান বলেন,আনোয়ারায় দু'টি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে। একটি চালু হয়েছে আরেকটির কাজ চলমান রয়েছে। আগামীতে উপজেলাব্যাপী শ্যালো সোলার পাম্প স্থাপন করা হবে। যার মাধ্যমে কৃষিখাতে খরচ কমে আসবে।